আজকে আমাদের আলোচনার বিষয় পদ বা কার্য মূল্যায়নের উপাদান বা পদক্ষেপ
Table of Contents
পদ বা কার্য মূল্যায়নের উপাদান বা পদক্ষেপ
পদ বা কার্য মূল্যায়নের উপাদান বা পদক্ষেপ

চিত্র : পদ মূল্যায়ন প্ৰক্ৰিয়া
কার্য বা পদ বিশ্লেষণ (Job Analysis):
কার্য বা পদ মূল্যায়নের প্রথম ধাপ হচ্ছে কার্য বা পদ বিশ্লেষণ। কার্য বা পদ বিশ্লেষণের দুইটি বিভাগ আছে। একটি হচ্ছে কার্য বর্ণনা এবং অন্যটি হচ্ছে কার্য নির্দিষ্টকরণ। কার্য বর্ণনার মধ্যে কাজের ধরন, দায়িত্ব ও কর্তব্য, কর্মপরিবেশ, ঝুঁকি ইত্যাদি বিষয় উল্লেখ থাকে এবং কার্য নির্দিষ্টকরণের মধ্যে কার্য সম্পাদনের জন্য কর্মীর শিক্ষা, শারীরিক ও মানসিক যোগ্যতা,
দক্ষতা ও পরিপক্কতা এবং অন্যান্য প্রয়োজনীয় গুণাবলি উল্লেখ থাকে। কার্য মূল্যায়নের এই ধাপে মূলত কার্য বর্ণনা এবং কার্য নির্দিষ্টকরণ সম্পর্কে সঠিক ও সংক্ষিপ্ত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে ।
পদের শ্রেণিবিভাগকরণ ( Grading the Jobs) :
পদের শ্রেণিবিভাগকরণ পদ মূল্যায়নের দ্বিতীয় ধাপ। এই ধাপে এসে পদের আপেক্ষিক গুরুত্ব ও মর্যাদা অনুসারে পদগুলোকে সাজানো হয় বা শ্রেণিবিভাগ করা হয় এবং অন্যান্য পদের সাথে তুলনামূলকভাবে এদের অবস্থান নির্ধারণ করা হয়।
পদের মূল্য নির্ধারণ (Job Pricing):
পদের মূল্য নির্ধারণ হলো পদ মূল্যায়নের তৃতীয় ধাপ। এই ধাপে এসে পূর্ব নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে কার্য বর্ণনা ( Job Description) ও কার্য নির্দিষ্টকরণ ( Job Specification ) পর্যালোচনাপূর্বক প্রত্যেক পদের আপেক্ষিক মূল্য ও গুরুত্ব নির্ধারণ করা হয়। এই আপেক্ষিক মূল্য ও গুরুত্ব অনুসারে প্রত্যেকটি পদের বেতন মজুরির হার ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নির্ধারণ করা হয়ে থাকে।
পদ মূল্যায়নের এই ধাপটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা প্রয়োজন। এই ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা মূল্যায়নকারীর ব্যক্তিক ইচ্ছা-অনিচ্ছা ও ভাবাবেগ কর্মীদের মাঝে বৈষম্য সৃষ্টি করতে পারে।
কর্মীর শ্রেণিবিন্যাসকরণ (Employee Classification):
এটি পদ মূল্যায়নের চতুর্থ ধাপ। এই ধাপটি পদমূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে কর্মীদের প্রকৃত কার্য সম্পাদনের আলোকে এবং কাজের পরিধি বা বিষয়বস্তু বিশ্লেষণের ভিত্তিতে সঠিক পদ শিরোনামের আওতায় সকল কর্মীকে শ্রেণিবিন্যাস করা হয়ে থাকে।
পদ মূল্যায়ন কর্মসূচির বাস্তবায়ন (Implementation of job evaluation program):
এটি পদ মূল্যায়নের সর্বশেষ ধাপ। এই ধাপে এসে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে তাদের মতামত যাচাই করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ধাপটি পদমূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

কারণ পদ মূল্যায়ন কর্মসূচি বাস্তবায়ন করা না গেলে সম্পূর্ণ পদমূল্যায়ন পদক্ষেপটি ব্যর্থতায় পরিণত হবে।
