আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ সংগ্রহের উৎসসমূহ
Table of Contents
মানব সম্পদ সংগ্রহের উৎসসমূহ
মানব সম্পদ সংগ্রহের উৎসসমূহ
দক্ষ মানব সম্পদ সংগ্রহের জন্য সঠিক উৎস নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠান সাধারত দুটি উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর অন্যটি হচ্ছে বাহ্যিক উৎস। নিম্নে মানব সম্পদ সংগ্রহের বিভিন্ন উৎস চিত্রে উপস্থাপনপূর্বক আলোচনা করা হলো:

চিত্র : মানব সম্পদ সংগ্রহের উৎস
মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎস
প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীদের মধ্য থেকে অথবা তাদের সুপারিশে পরিচিত ও ঘনিষ্ঠজনকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তাকে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মীসংগ্রহ বলে। নিম্নে অভ্যন্তরীণ উৎসগুলো বর্ণনা করা হলো:
বর্তমান কর্মীর পদোন্নতি (Promotion of presest empoyee ) :
পদোন্নতি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহের মধ্যে অন্যতম। বর্তমান পদ থেকে কর্মীকে অধিক দায়িত্ব ও মর্যাদাসম্পন্ন উচ্চতর পদে নিয়োগ দেওয়াকে পদোন্নতি বলে। কর্মী পদোন্নতির মাধ্যমে কর্মীর কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পায় ।
বদলি (Transfer):
কর্মীকে এক পদ থেকে সমমর্যাদা সম্পন্ন অন্য পদে স্থানান্তর করাকে বদলি বলা হয়। প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে অন্য বিভাগ বা একই বিভাগে সমমর্যাদাসম্পন্ন পদে কর্মীকে বদলি করে শূন্য পদ পূরণকে অভ্যন্তরীণ কর্মীসংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানে অধিক যোগ্যতাসম্পন্ন কর্মীকে অনেক সময় এরূপ বদলির মাধ্যমে শূন্যপদ পূরণ করা হয়ে থাকে ।
খন্ডকালীন ও অস্থায়ী কর্মী (Parttime and temporary employee):
প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত খন্ডকালীন ও অস্থায়ী কর্মীদের মধ্য থেকে সৃষ্ট বা শূন্য স্থায়ীপদে দক্ষ ও প্রতিভাবান কর্মীদের স্থায়ীকরণের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মীসংগ্রহ করা হয়ে থাকে, এই উৎস থেকে কর্মীসংগ্রহ অত্যন্ত সুবিধাজনক ও সাশ্রয়ী হয়ে থাকে।
বর্তমান কর্মীদের সুপারিশ (Employee referral) :
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সুপারিশে তাদের পরিচিত ও ঘনিষ্ঠজনকে শূন্যপদে নিয়োগদান করা হয়। এর ফলে কর্মীসংগ্রহ ও নির্বাচনের দীর্ঘসূত্রিতা এড়ানো সম্ভব হয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ (Recommandation of higher authority):
প্রতিষ্ঠান বর্তমানে কর্মরত কর্মীদের সুপারিশের ন্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশেও শূন্য ও সৃষ্টপদে কর্মীসংগ্রহ করা হয়ে থাকে। আমাদের দেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগদান একটি নিয়মিত ঘটনা।
শ্রমিক সংঘের সুপারিশ (Recommendation of trade union):
বর্তমান কর্মীদের সুপারিশ অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশের ন্যায় প্রতিষ্ঠানে শ্রমিক সংঘের চাপ বা সুপারিশেও শূন্য বা সৃষ্টপদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। শ্রমিক সংঘের সুপারিশে তাদের পরিচিতজনকে শূন্য পদে নিয়োগদান করা অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস।
মানব সম্পদ সংগ্রহের বাহ্যিক উৎস
প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে কর্মী সংগ্রহ করাকে বাহ্যিক উৎস বলে। নিম্নে এই প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ আলোচনা করা হলো:
বিজ্ঞাপন (Advertising):
প্রতিষ্ঠানের বাহ্যিক কর্মী সংগ্রহের সবচেয়ে সুপরিচিত ও জনপ্রিয় উৎস হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ। এই পদ্ধতিতে দৈনিক বা সাপ্তাহিক পত্রিকা, ম্যাগাজিন, রেডিও এবং টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে । বিজ্ঞাপনে কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ব, কর্তব্য উল্লেখ করা হয়ে থাকে।
ইন্টারনেট (Inernet):
তথ্যপ্রযুক্তির এই যুগে মানব সম্পদ সংগ্রহের জন্য ইন্টারনেট একটি কার্যকরি মাধ্যমে পরিণত হয়েছে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটসহ বিভিন্ন জব সাইটে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী সংগ্রহ সহজ হয়ে গিয়েছে। বিডিজবস (bdjobs), প্রথম আলো জবস (Prothom Alo Jobs), Jobs All হচ্ছে কিছু জব সাইটের উদাহরণ। মানুষ এখন তাদের স্মার্ট ফোন-এ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই চাকরির বিজ্ঞাপন দেখতে পারে।
চাকরি সন্ধানী ব্যক্তিবর্গ (Job seekers):
সাধারণত নিম্ন পদমর্যাদার কর্মীরা চাকরির আশায় প্রতিষ্ঠানের গেটে ভিড় করে। বেকারত্ব বৃদ্ধির কারণে আমাদের দেশে এরূপ কর্মীসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানের গেটে ভিড় করা ঐ সকল চাকরি প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত কর্মী সংগ্রহ করে প্রয়োজনীয় সবকিছু যাচাই-বাছাইপূর্বক কর্মী নির্বাচন করা যেতে পারে।
প্রাক্তন কর্মী (Ex. employee):
এই পদ্ধতিতে দক্ষতাসম্পন্ন প্রাক্তন কর্মীদের মধ্য থেকে পুনঃ নিয়োগের উদ্দেশ্যে কর্মী সংগ্রহ করা হয়। এরূপ কর্মীদের সম্পর্কে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে ওয়াকিবহাল থাকার ফলে তাদের সম্পর্কে নতুন করে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন হয়না।
মেধা শিকার (Talent hunting):
নব্য সৃষ্ট প্রতিষ্ঠান বা বিদ্যমান প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগের জন্য অন্য প্রতিষ্ঠানের কর্মরত দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অধিকতর সুযোগ-সুবিধা ও উচ্চতর আর্থিক সুবিধাদানের প্রস্তাব দিয়ে কর্মকর্তা সংগ্রহ করাকে মেধা শিকার বলে ।
নির্বাহী শিকার (Head hunting):
এই পদ্ধতিকে Executive Searchও বলা হয়ে থাকে। বিশেষত বিদেশি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অধিকতর যোগ্য ও দক্ষ নির্বাহী নিয়োগের জন্য নির্বাহী শিকারের মাধ্যমে যোগাযোগ করে এবং আর্থিক অন্যান্য সুবিধা প্রদানে প্রলুব্ধ করে নির্বাহী সংগ্রহ করা হয়ে থাকে। বিশেষজ্ঞ বা অত্যন্ত সফল ব্যবস্থাপক নিয়োগের জন্য এই পদ্ধতি প্রযোজ্য।
অনাহুত আবেদন ( Unsolicited application) :
প্রতিষ্ঠান কর্তৃক চাকরির আবেদন আহ্বান না করা স্বত্বেও অনেক চাকরি প্রার্থী নিজ নিজ যোগ্যতা ও অভিজ্ঞতা জানিয়ে চাকরির জন্য প্রতিষ্ঠানে আবেদন করেন। এইভাবে প্রাপ্ত আবেদনপত্র বাছাই করে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য প্রার্থী সংগ্রহ করা যেতে পারে।

শ্রমিক সংঘ (Trade union):
শ্রমিক সংঘের সুপারিশ বা পরামর্শে অনেক সময় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক সংগ্রহ করা হয়ে থাকে। শ্রমিক সংঘ কর্তৃক অনেক প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। শ্রমিক সংঘ দ্বারা কর্মী সংগ্রহকে সুবিধা ও অসুবিধা দুটোই আছে। শ্রমিক সংঘের সুপারিশে কর্মী সংগ্রহ ও নিয়োগ দান করলে শ্রমিক সংঘের সাথে ব্যবস্থাপনা ও মালিক পক্ষের সুসম্পর্ক গড়ে ওঠে।
