আজকে আমাদের আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচনের সুবিধাসমূহ
Table of Contents
সুষ্ঠু নির্বাচনের সুবিধাসমূহ

সুষ্ঠু নির্বাচনের সুবিধাসমূহ
মানব সম্পদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল কার্যক্রম। এই কার্যক্রমের ওপর প্রতিষ্ঠানের সাফল্য বহুলাংশে নির্ভর করে । সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিষ্ঠানের পদের উপযোগী যথাযথ যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থী নির্বাচন করা সম্ভব হয়। নিম্নে সুষ্ঠু নির্বাচনের সুবিধাসমূহ আলোচনা করা হলো:
সফল কার্যসম্পাদন (Good performance) :
প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে কার্যসম্পাদনের জন্য দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য কর্মী নির্বাচনের ওপর। প্রতিষ্ঠানের ও কর্মীদের দক্ষতার অভাব থাকলে তাদের পক্ষে উত্তমরূপে দায়িত্ব ও কর্তব্য পালন করা সম্ভব হয় না। অদক্ষকর্মী প্রতিষ্ঠানে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং দুর্বল, অযোগ্য ও অদক্ষ কর্মীদের প্রশিক্ষণ দিয়েও অনেক সময় কাঙ্ক্ষিখ মাত্রার ফল পাওয়া যায় না ।
ব্যয় হ্রাস (Reduce expense):
সঠিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করা সম্ভব হয়। যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ মানব সম্পদ নির্বাচন করলে তারা সম্পদের কাম্য ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করে। এর ফলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পায়।
আইনগত ঝামেলা এড়ানো (Avoid legal comlication):
প্রার্থীদের আইনগত অযোগ্যতাসমূহ বিচার-বিশ্লেষণ করে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে পারলে নির্বাচিত কর্মীসংক্রান্ত পরবর্তী আইনগত ঝামেলা এড়ানো সম্ভব হয়। মামলায় জড়িত ব্যক্তির বা বিচারাধীন আসামী বা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তি যেন নির্বাচিত হতে না পারে সেই জন্য প্রার্থীর আবেদনপত্রে উল্লিখিত তথ্য,
রেফারেন্স ইত্যাদি অনুসন্ধানের মাধ্যমে প্রার্থীর সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা প্রয়োজন এবং সংগৃহীত তথ্য সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে কর্মী নির্বাচন করা প্রয়োজন। আর এইরূপ নির্বাচন করতে পারলে আইনগত বা জটিলতা বা ঝামেলা এড়ানো সম্ভব।
শ্রমঘূর্ণায়মানতা হ্রাস (Reduce labor turnover) :
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচন করতে পারলে শ্রমঘূর্ণায়মানতা হ্রাস করা সম্ভব। পদের প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক ও উপযুক্ত প্রার্থী নির্বাচন করলে তার কর্মপরিত্যাগের প্রয়োজন পড়ে না। এর ফলে প্রতিষ্ঠানে সে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়।
পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো (Adjustment with the changes):
বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তি, কলা-কৌশল, উৎপাদন ও বণ্টন প্রক্রিয়ার পরিবর্তন হচ্ছে। আর এই জন্য যোগ্য, দক্ষ ও কারিগরিজ্ঞানসম্পন্ন মানব সম্পদ নির্বাচন করতে পারলে তারা এই পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে কাজ করতে পারবে এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নতি ত্বরান্বিত করতে পারবে।
সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে নিয়োগ (To place right person in the right position):
সঠিক নির্বাচন দ্বারা সঠিক পদ ও কাজের জন্য সঠিক, উপযুক্ত ও যোগ্য প্রার্থী নির্বাচন করা সম্ভব হয়। এর ফলে প্রার্থীর যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কার্যভার অর্পন সম্ভব হয় এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নতি ত্বরন্বিত করা সম্ভব।

চ্যালেঞ্জ মোকাবিলা (To face Challeges ) :
প্রতিযোগিতার এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সুষ্ঠু ও সঠিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করে। মুক্তবাজার অর্থনীতির কারণে ব্যবসায় ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রার্থী নির্বাচনের কোনো বিকল্প নেই ।
