আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাহীদের ক্ষতিপূরণের মূল উপাদান। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
নির্বাহীদের ক্ষতিপূরণের মূল উপাদান

প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা বা ব্যবস্থাপকদের ক্ষতিপূরণ বা পারিশ্রমিক ৩টি উপাদানের সমন্বয়ে গঠিত। যথা:
১. নির্বাহীদের বেতন (Executives salary) ;
২. সম্পূরক আর্থিক ক্ষতিপূরণ (Supplemental financial compensation) ;
৩. সম্পূরক অনার্থিক ক্ষতিপূরণ (Supplemental non-financial compensation) ;
নিম্নে নির্বাহীদের ক্ষতিপূরণ উপাদানসমূহ বর্ণনা করা হলো-
১. নির্বাহীদের বেতন (Executives salary) : শীর্ষ বা নির্বাহী ব্যবস্থাপকদের অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা, মেধা ও প্রতিভার কারণে তারা সাধারণ কর্মীদের তুলনায় অধিকহারে বেতন পেয়ে থাকেন। প্রধানত ২টি কারণে শীর্ষ নির্বাহীদের অধিক বেতন প্রদান করা হয়। যথা—
i. প্রতিভাবান বিশেষ দক্ষতাসম্পন্ন নির্বাহীদের অভাব রয়েছে। তাই তাদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য উচ্চ বেতন দেওয়া হয়।
ii. উচ্চ বেতন নির্বাহীর প্রেষণা সৃষ্টি করে। এতে ঐ নির্বাহী অধিক কার্যসম্পাদনে উৎসাহিত হয়। পাশাপাশি নিম্নস্তরের ব্যবস্থাপকেরাও পরবর্তী সময়ে বাড়তি বেতন পাওয়ার আশায় অধিক কাজে উৎসাহিত হয়।
২. সম্পূরক আর্থিক ক্ষতিপূরণ (Supplemental financial compensation) : বেতনের পাশাপাশি শীর্ষ নির্বাহীদের অধিক হারে বোনাস প্রদান ও স্টক ক্রয়ের সুযোগ দান করা হয়ে থাকে।
৩. সম্পূরক অনার্থিক ক্ষতিপূরণ (Supplemental Non-financial compensation) : সুবিধার অতিরিক্ত সুবিধা হিসেবে কেবল প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন নির্বাহীদের যে সুবিধা দেওয়া হয় তাকে অতিরিক্ত অনার্থিক ক্ষতিপূরণ বলে। সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি, বর্ধিত পেনশন হিসাব, বৃহৎ অঙ্কের জীবন বিমার প্রিমিয়াম, ক্লাবের সদস্য হওয়ার সুযোগ, বন্ধকি সহযোগিতা, ব্যক্তিগত চুক্তি, ট্যাক্স ও আইনগত বিশেষ পরামর্শ ইত্যাদি আকারে এসব বর্ধিত অনার্থিক ক্ষতিপূরণ বা অতিরিক্ত সুবিধা প্রদান করা যেতে পারে।
নির্বাহী ক্ষতিপূরণ পরিকল্পনার উপাদানসমূহ
নির্বাহীদের ক্ষতিপূরণ পরিকল্পনার উপাদানসমূহ নিম্নরূপ :
১. মূল বেতন (Basic salary);
২. স্বল্পমেয়াদি কার্যসম্পাদন বোনাস (Short-term performance bonus);
৩. বিভিন্ন ধরনের ইক্যুইটি (Variety of Equity);
৪. দীর্ঘমেয়াদি কার্যসম্পাদন বোনাস (Long-term performance bonus);
৫. বিভিন্ন ধরনের প্যাকেজ কর্মসূচি (Severance packages);
৬. অবসর কর্মসূচি (Retirement programmes);
৭. বিশেষ সুযোগ সুবিধা (Special package of benefits and perquisites) ।
১. মূল বেতন (Basic Salary) : একজন নির্বাহীকে স্থায়ীভাবে মাসে মাসে যে আর্থিক বেতন পরিশোধ করা হয়, তা-ই মূল বেতন। এটি কোম্পানি মুনাফা করুক না করুক, এ বেতন প্রদান করতেই হবে। পদে নিয়োগের সময়ই এটি নিশ্চিত করা হয়ে থাকে ।
২. স্বল্পমেয়াদি কার্যসম্পাদন বোনাস (Short-term performance bonus) : কোম্পানি কোনো বছর ভালো করলে অর্থাৎ আর্থিক দিক থেকে ভালো অবস্থানে থাকলে এবং সন্তোষজনক মুনাফা অর্জন করলে কোম্পানির ব্যবস্থাপনা সন্তুষ্ট হয়ে কর্মীদেরকে এককালীন যে আর্থিক সুবিধা প্রদান করে, তাকে স্বল্পমেয়াদি কার্যসম্পাদন বোনাস বলে। এতে সাধারণত মুল বেতনের একটি অংশ দেওয়া হয়।
৩. ইক্যুইটি ও ইক্যুইটি সম্পর্কিত উপাদানসমূহ (Equity and equity related components) : ইক্যুইটি হলো কোম্পানির শেয়ার যার নির্ধারিত মূল্য আদায় হয়ে থাকে। ইক্যুইটির বলেই উদ্যোক্তারা কোম্পানির মালিক হয়ে থাকে । শেয়ারের মূল্য সম্পূর্ণরূপে আদায় হয়ে গেলে তা স্টকে পরিণত হয়। এই স্টক বোনাস হিসেবে বা উৎসজনক বোনাস হিসেবে কর্মীদের মধ্যে বণ্টন করা হয়, যাকে ‘স্টক পুরস্কার’ (Stock award) বলে। এটিকে উদ্দীপনামূলক স্টক অপশনও (ISO) বলা হয়।
৪. দীর্ঘমেয়াদি কার্যসম্পাদন বোনাস (Long-term performance bonus) : দীর্ঘমেয়াদি কার্যসম্পাদন বোনাস হলো এক ধরনের নগদ পরিশোধ যা স্বল্পমেয়াদি বোনাস পুরস্কারের মতোই। এটি নির্বাহীদেরকে দেওয়া হয়। এটি ২/৩ বছরের কার্যমূল্যায়ন করে প্রদান করা হয়। যে সকল বিষয় মূল্যায়ন করা হয়, তা হলো ঐ সময়ে স্টকের মূল্য, ইক্যুইটি রিটার্ন, শেয়ার প্রতি আয়, বিক্রয় প্রবৃদ্ধি ইত্যাদি গড়ে বেড়েছে কি না। এক্ষেত্রে কার্যের তিনটি স্তর অন্তর্ভুক্ত থাকে। যেমন:
i. সূচনা বা শুরুর সময় (Introduction)
ii. লক্ষ্য (Target)
iii. সর্বোচ্চ (Maximum)
প্রতিটি স্তরে কার্যসম্পাদনের উপর বোনাসের পরিমাণ নির্ভর করে ।
৫. বিভিন্ন ধরনের প্যাকেজ কর্মসূচি (Several packages) : কোম্পানি নির্বাহী ও কর্মীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্দীপনামুলক প্যাকেজ ঘোষণা করে থাকে। নির্ধারিত কর্মসম্পাদনের জন্য যেমন বোনাস বা পুরস্কার থাকে, তেমনি কাৰ্য সম্পন্ন করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থাও রাখা হয়। এর মধ্যে রয়েছে বেতন, পেনশন, জীবন ও মেডিক্যাল বিমা, দীর্ঘমেয়াদি বোনাস, স্টক সংগ্রহের সুযোগ ইত্যাদি। তাদের গোল্ডেন প্যারাসুটও (Golden Parachute) দেওয়া হয়।
৬. অবসর কর্মসূচি (Retirement program) : কর্মী বা নির্বাহীদের অবসর গ্রহণের সময় কিছু সুবিধাজনক কর্মসূচি ঘোষণা করা হয়, তা অবসর কর্মসূচি। যেমন: কাজ যাই করুক নিয়মানুযায়ী কর্মীগণ অবসর সুবিধা পাবেই। অবসর সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। অবসর সুবিধার মধ্যে রয়েছে- পেনশন, সঞ্চয়, মালিকের অবদান, বিমা সুবিধা ইত্যাদি। এ সকল কর্মসূচির জন্য ‘কর অবকাশ পাওয়া যায়।
৭. সুবিধার বিশেষ প্যাকেজ ও অধিকারসমূহ (Special package of benefits and perquisites) : কোম্পানি নির্বাহী ও সাধারণ কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে এবং সেগুলো প্রয়োগের বা ব্যবহারের অধিকারও দিয়ে থাকে। যেমন: ব্যবসায় ও ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য গাড়ি, বসবাসের জন্য ফ্ল্যাট, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য খরচ, বিনা খরচে পার্কিং, নির্বাহীদের জন্য দামি গাড়ি, দেহরক্ষী ইত্যাদিসহ আরও অন্যান্য সুবিধাদি।
এছাড়াও রয়েছে কাউন্সেলিং বা পরামর্শ দেওয়া, পেশাগত মিটিং ও কনফারেন্সে যোগদানের সুযোগ, পরিবার নিয়ে ভ্রমণের সুবিধা, আপ্যায়নের খরচ, বিভিন্ন স্থানে থাকার খরচ, ক্লাবের সদস্য হওয়ার সুযোগ, কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ইত্যাদি ।

