আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ সংগ্রহ কাজের বাঁধা বা সীমাবদ্ধতাসমূহ
Table of Contents
মানব সম্পদ সংগ্রহ কাজের বাঁধা বা সীমাবদ্ধতাসমূহ

মানব সম্পদ সংগ্রহ কাজের বাঁধা বা সীমাবদ্ধতাসমূহ
মানব সম্পদ সংগ্রহ হচ্ছে সম্ভাব্য প্রার্থীকে খুঁজে বের করে প্রতিষ্ঠানের শূন্য বা সৃষ্ট পদের জন্য আবেদন করতে উৎসাহিত করা। প্রতিষ্ঠানে মানব সম্পদ সংগ্রহ কার্যক্রমের কিছু বাধা যথাযথ ও উপযুক্ত প্রার্থী নির্বাচনে সমস্যার সৃষ্টি করে। মানবসম্পদ সংগ্রহের বাধাসমূহ বা সীমাবদ্ধতাসমূহ নিম্নরূপ:-
প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজ (Image of the organization) :
প্রতিষ্ঠানের ইমেজ বা ভাবমূর্তি ভালো না হলে মেধাবী ও প্রতিভাবান প্রার্থীকে আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ে। সাধারণত প্রার্থীরা ক্যারিয়ার গঠনের উপযোগী এবং সুনাম আছে এমন প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হয়। তাই প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজ ভালো না হলে মেধাবী, যোগ্য ও প্রতিভাবান প্রার্থীদের আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ে।
যেমন: সরকারি প্রতিষ্ঠান, বেরসরকারি ব্যাংক এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে মেধাবী এবং প্রতিভাবান প্রার্থীরা চাকরি করতে আগ্রহী হয়। কারণ এই প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি বা ইমেজ ভালো ।
পদের আকর্ষণীয়তা ( Attractiveness of the job):
শুধু প্রতিষ্ঠান নয় বরং পদের আকর্ষণীয়তার অভাবও মানবসম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। প্রতিষ্ঠানের পদ যদি আকর্ষণীয় না হয় তবে যথেষ্ট যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থী পাওয়া কঠিন হয়ে পড়ে। সাধারণত ঝুঁকিপূর্ণ, বিরক্তিকর, উদ্বিগ্নতা সৃষ্টিকারী, স্বল্প বেতন-ভাতাদি এবং পদোন্নতির সুযোগ কম এমন পদসমূহের জন্য যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের খুঁজে পাওয়া কঠিন।
কারণ এই বৈশিষ্টপূর্ণ পদ চাকরির জন্য মেধাবী ও প্রতিভাবান প্রার্থীদেরকে আকৃষ্ট করে না। তাই পদ বা কাজের আকর্ষণীয়তা কর্মী সংগ্রহ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
প্রতিষ্ঠানের মানবসম্পদ সংগ্রহ নীতি (Organizational Recruitment Policies) :
প্রতিষ্ঠানের মানবসম্পদ সংগ্রহ নীতির সংকীর্ণতার কারণে বিভিন্ন পদ পূরণে আবেদনকারীর সংখ্যা কমে যায়। সাধারণত ক্ষতিপূরণ নীতি, পদমর্যাদা নীতি, পদোন্নতির নীতি ইত্যাদি নীতিসমূহের সংকীর্ণতার কারণে প্রতিষ্ঠানে মানব সম্পদ সংগ্রহ বাধাগ্রস্ত হয়।
সরকারি প্রভাব (Gov erment influence ) :
অনেক সময় সরকারি নিয়ন্ত্রন বা প্রভাব মানব সম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও কোটা পদ্ধতি অনুসরণ ইত্যাদি সরকারি নীতি ও বাধ্যবাধকতার কারণে উপযুক্ত প্রার্থী সংগ্রহে বাধার সৃষ্টি হয়। জেলা কোটা, মুক্তিযুদ্ধ ও পোষ্য কোটা, মহিলা ও উপজাতি কোটা ইত্যাদি মেধাবী ও প্রতিভাবান প্রার্থী সংগ্রহে বাধার সৃষ্টি করে।
সংগ্রহ ব্যয় (Recruiting costs):
প্রতিষ্ঠানের বাজেটের ঘাটতি মানবসম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়া একটি ব্যয়বহুল প্রক্রিয়া। প্রতিষ্ঠানের বাজেটের সীমাবদ্ধতার কারণে যথাযথভাবে এবং দীর্ঘসময় ধরে অনুসন্ধান কার্য চালানো সম্ভব হয় না। তাই বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করার সময়ে ব্যয় বৃদ্ধিসংক্রান্ত বিষয়টি বিবেচনা করা আবশ্যক ।

পরিবেশগত অবস্থা (Environmental conditions) :
পরিবেশগত অবস্থা বলতে দেশের বেকারত্বের হার, শ্রমশক্তির অনুমান, শ্রমআইন ও অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ নীতি ও কার্যক্রমকে বুঝায়। বাহ্যিক পরিবেশগত অবস্থার সংকীর্ণতা মানবসম্পদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।
