আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ পরিকল্পনার সুবিধা
Table of Contents
মানব সম্পদ পরিকল্পনার সুবিধা

মানব সম্পদ পরিকল্পনার সুবিধা
প্রতিষ্ঠানের লক্ষ্যকে সাবলীলভাবে অর্জন করতে হলে দক্ষ মানব সম্পদ সরবরাহ করা আবশ্যক। এ জন্য সুষ্ঠু মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কারণ সুষ্ঠু মানব সম্পদ পরিকল্পনায় দক্ষ মানব সম্পদকে ধরে রাখার পথ নির্দেশনা থাকে । একটি সুষ্ঠু মানব সম্পদ পরিকল্পনা হতে নিচের সুবিধাগুলো পাওয়া যায়।
মানব সম্পদের চাহিদা নির্ণয় (Determining the needs of H. R.) :
মানব সম্পদ পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠানের আকৃতি, কার্যপ্রক্রিয়া ও ভবিষ্যত সম্প্রসারণের সম্ভাবনা প্রভৃতি যাচাই করা হয়। ফলে কি ধরনের মানব সম্পদ বর্তমান ও ভবিষ্যতে প্রয়োজন তা সহজেই জানা যায় এবং সে অনুযায়ী কার্য পরিকল্পনাও করা যায়।
মানব সম্পদের সংখ্যা নির্ধারণ (Determining Required number of H.R.) :
মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করা হলে প্রতিষ্ঠানের জন্য কত সংখ্যক কর্মী প্রয়োজন তা জানা যায় অতি সহজেই। ফলে প্রতিষ্ঠানে কর্মী সংকট হয় না ।
মানব সম্পদের যোগ্যতা ও দক্ষতা (Determining ability and efficiency of H. R.) :
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্য অনুযায়ী বিভিন্ন পদের যোগ্যতা ও দক্ষতা নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী বিভিন্ন বিভাগে মানব সম্পদ সরবরাহ করা হয়। ফলে কার্য সম্পাদনের কোনো সমস্যা হয় না ।
মানব সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিতকরণ (Assuring optimum use of H. R.) :
মানব সম্পদ পরিকল্পনার মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মীদেরকে বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া যায় ও প্রয়োজনে স্থানান্তর করা হয়। ফলে মানব সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়।
পেশা উন্নয়ন (Career development) :
মানব সম্পদ পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানে বিভিন্ন পদ সৃষ্টি করা হয় এবং কর্মীদেরকে এক পদ থেকে অন্য পদে পদোন্নতি, বদলি ইত্যাদি ব্যবস্থা করা হয়। এতে কর্মীরা তাদের পছন্দানুযায়ী পেশা বাছাই ও উন্নয়নের পরিকল্পনা করতে পারে।
উৎপাদন বৃদ্ধি ও ব্যয় হ্রাস (Increase productivity & reduce costs ) :
মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন মানব সম্পদের নিয়োগদান করে। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় ও ব্যয় কমে যায়।
ব্যয় নির্ণয় ও অপচয় নিরসন (Estimating costs & reduce wastage) :
কার্যকর মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানে উপযুক্ত ও দক্ষ কর্মী নিয়োগের জন্য কি পরিমাণ ব্যয় হবে তা নির্ণয় করে। এছাড়াও মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠান ত্যাগের হার হ্রাস করে অপচয় কমাতে বা নিরসনের সহায়তা করে।
প্রেষণাদান (Motivation) :
মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীকে তাদের প্রয়োজনানুযায়ী ব্যবস্থা করে । এতে তারা প্রণোদিত হয়ে কাজে স্বতঃস্ফূর্ত আত্মনিয়োগে উদ্বুদ্ধ হয়।
কার্য সম্পাদন মূল্যায়ন (Performance evaluation) :
মানব সম্পদ পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের মানব সম্পদের কার্য সম্পাদন মূল্যায়ন করা হয় এবং যথোপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করা হয়। ফলে কর্মীর কাজে উৎসাহ বৃদ্ধি পায় ।
প্রশিক্ষণ ও উন্নয়ন (Training and development) :
মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হয়। প্রশিক্ষণের ফলে কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তারা উচ্চতর দায়িত্ব গ্রহণে সক্ষম হয় এবং এটি কর্মীর পদোন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে।
উন্নত প্রযুক্তির ব্যবহার (Use of improved technology) :
মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিবেশ সৃষ্টি করে। এতে কর্মীরা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি লাভ করে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ।
নিয়ন্ত্রণে সহায়তা (Aid to controlling) :
প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কর্মীরা কখন, কে, কোথায় এবং কীভাবে দায়িত্ব পালন করবে তার দিক নির্দেশনা পাওয়া যায়। মানব সম্পদ পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত সহজ হয়।
ব্যবস্থাপনার উন্নয়ন (Management development) :
মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপন্থা নির্দেশ করে। ফলে ব্যবস্থাপনা উন্নয়ন সাধন করা সহজ হয়।

আর্থিক কর্মসূচি প্রণয়নে সহায়তা (Aid to preparing financial plan) :
মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের সকল শ্রেণির মানব সম্পদের বেতন-ভাতা, মজুরি ও আনুসঙ্গিক সুবিধাদি সম্পর্কে কর্মসূচি গ্রহণ করে ও দিক- নির্দেশনা দেয়। এতে প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা সহজ হয়।
পরিশেষে বলা যায় যে, মানব সম্পদ পরিকল্পনায় উল্লিখিত সুবিধাদি বিদ্যমান। এটি ভবিষ্যতে কী ধরনের মানব সম্পদ প্রয়োজন তার সঠিক দিক নির্দেশনা দেয় বিধায় প্রতিষ্ঠান যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।
