আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ কৌশল উন্নয়ন । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৩ এর অন্তর্গত।
Table of Contents
মানব সম্পদ কৌশল উন্নয়ন

প্রতিষ্ঠানের উদ্দেশ্যার্জনের জন্য যথোপযুক্ত কৌশল প্রণয়ন করা প্রয়োজন। বিভিন্ন মনীষী এ ব্যাপারে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো :
Becker & Huselid বলেছেন- মানব সম্পদ কৌশল প্রণয়নে পাঁচটি মৌলিক প্রশ্ন বিবেচনা করতে হবে। সেগুলো হলো –
১। প্রতিষ্ঠানের কৌশলগত উদ্দেশ্যসমূহ কী?
২। এগুলোকে কীভাবে ইউনিট উদ্দেশ্যে রূপান্তর করা হয়েছে?
৩। ইউনিট ব্যবস্থাপকগণ ঐ সকল উদ্দেশ্যের জন্য কী কী কার্যসম্পাদন পরিচালনাকারী বিবেচনা করেছে?
৪ । প্রতিষ্ঠানের কার্যশক্তির দক্ষতা, প্রেষণা ও কাঠামো কীভাবে এ সকল কার্যসম্পাদন পরিচালনাকারীকে প্রভাবিত করে?
৫। মানব সম্পদ ব্যবস্থা কীভাবে কার্যশক্তির দক্ষতা, প্রেষণা ও কার্যক্রমকে প্রভাবিত করে?
Grattan মানব সম্পদ কৌশল উন্নয়নে ছয়টি পদক্ষেপ উল্লেখ করেছেন। যেমন:
১। নির্দেশনাদানে তত্ত্বাবধায়ক দল (Build Guiding Coalition) :
ব্যবসায়ের সকল অংশ থেকে প্রতিনিধি নিয়ে নির্দেশনা দানের জন্য তত্ত্বাবধায়ক দল গঠন করতে হবে।
২। ভবিষ্যৎ ধারণা করা (Image the Future) :
কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মতামতের ভিত্তিতে রূপকল্প সৃষ্টি করা ।
৩। বর্তমান সক্ষমতা অনুধাবন ও শূন্যতা চিহ্নিতকরণ (Understand current Capabilities and Identify the Gap) :
এটি অনুধাবন করতে হবে যে, বর্তমানে প্রতিষ্ঠানটি কোথায় আছে এবং এটিও নির্ধারণ করতে হবে যে, ভবিষ্যৎ প্রত্যাশা ও বর্তমান বাস্তব অবস্থার মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে।
8। সিস্টেমের নকশা তৈরি (Create a Map of the System) :
এটি নিশ্চিত করতে হবে যে, কার্যের প্রতিটি অংশ একত্র হলে একটি অর্থপূর্ণ সার্বিক কাজ সৃষ্টি হবে। অর্থাৎ প্রতিটি অংশই এমনভাবে পরিচালিত হবে যেন সবগুলো মিলে একটি অর্থপূর্ণ জিনিস তৈরি করে ।
৫। সিস্টেমের গতিশীল মডেল তৈরিকরণ (Model the Dynamics of the system) :
এটি নিশ্চিত করতে হবে যে, ভবিষ্যতের যে কোনো পরিবর্তনকে গ্রহণ করেই কাজ চালিয়ে যাবে ।
৬। বিভিন্ন কার্যের মধ্যে সংযোগ (Bridge into Action) :
প্রতিষ্ঠানকে বড় জিনিস বা বড় কোন চিন্তাকে বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যে ভাগ করতে হবে, নির্দিষ্টরূপ দিতে হবে। অতঃপর কার্যের দিক নির্দেশনা ঠিক করতে হবে, সরলরৈখিক কর্মকর্তাদেরকে জড়িত করতে হবে এবং বিভিন্ন কার্য আড়াআড়িভাবে মেলাতে হবে, কার্যদল সৃষ্টি করতে হবে। তারা লক্ষ্য ও কার্যসম্পাদনের নির্দেশিকা চিহ্নিত করবে।
মানব সম্পদ কৌশল প্রণয়নে বিভিন্ন পন্থা অনুসরণ করা যেতে পারে। কারণ একটি পথ ঠিক নাও হতে পারে। Tyson ও Witcher ৩০টি কোম্পানিতে গবেষণা করে দেখেছেন যে, প্রণীত কৌশল বিভিন্ন পথ পরিবর্তনকে মোকাবিলা করতে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় এবং বিভিন্ন পন্থা ব্যবসায়ের বিভিন্ন অংশের লোকদেরকে ব্যবসায়ের লক্ষ্যের সাথে মিল রেখে একত্র করে ।”
মানব সম্পদ কৌশল উন্নয়নে কৌশলের বিষয়বস্তুর মতোই প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। Tyson ও Witcher তাদের গবেষণা থেকে উল্লেখ করেন যে, মানব সম্পদ কৌশল প্রণয়নে প্রক্রিয়ার মতোই কৌশলের বিষয়বস্তুও গুরুত্বপূর্ণ। বলা হয় যে, কৌশলগত ইস্যুর মাধ্যমে কাজ করা এবং চিন্তার বিষয়টি আলোকপাত করা হলে নতুন ধারণার জন্ম হয় এবং লক্ষ্যের উপর মতামত পাওয়া যায় ।

